কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
আব্দুর রউফ ভূইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (১৭ আগস্ট) রামদী ইউনিয়নের কামালিয়া কান্দি নামকস্থানে ও গতকাল শনিবার উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে ছিলেন মারিয়া এবং জয়নাল আবেদীন কটিয়াদী উপজেলার বলে জানা গেছে।
আহত রুবেল মিয়া জানান, ‘তারা কুলিয়ারচরের ডুমড়াকান্দা গ্রামে এক রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহতদের পাঠানো হয় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ফরিদা আক্তার ও মারিয়াকে ঢাকায় পাঠানো হলে পথেই মারা যায় শিশু মারিয়া। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা আক্তার।
এদিকে রবিবার সকালে জয়নাল আবেদীন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কুলিয়ারচর যাওয়ার পথে রামদী ইউনিয়নের কামালিয়া কান্দি নামকস্থানে পৌঁছালে বালিবাহী একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পরপর ট্রাক্টর চালক পালিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ তাদের বাড়িতে হস্তান্তর করা হয়েছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































