পিস্তল ঠেকিয়ে বিকাশের টাকা ছিনতাই পিস্তলসহ আটক-১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি-বিকাশ ও কনফেকশনারির দোকানে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার সময় আরিফ মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজারে এই ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আটককৃত যুবক আরিফ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।
ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, সকাল দশটার দিকে এক যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে দশ হাজার দুইশ’ টাকা পাঠানোর কথা বলেন।
ওই নাম্বারে টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে তার ব্যাগ থেকে পিস্তল বের করে আমার কোমরে ঠেকিয়ে বলে “৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।” এসময় আমার ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ছিনতাইকারী যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইকারী যুবককে পিস্তল সহ আটক করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত পিস্তলটি আসল নাকি খেলনা সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































