# Tags

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা; বিপর্যস্ত জনজীবন

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি, সেখানে আজ তা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আজ কুয়াশার ঘনত্বও বেড়েছে। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে কুয়াশার কারণে দৃষ্টিসীমা ছিল অত্যন্ত সীমিত। সড়কে যানবাহনে ধীরগতির পাশাপাশি হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

বরিবার দুপুর ১২টার পর সূর্যের দেখা মিলছে তবে দুপুর পর্যন্ত কুয়াশার আধিপত্য বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভোরে কাজে বের হওয়া দিনমজুর, রিকশাচালক ও শিক্ষার্থীরা সমস্যায় পড়ছেন।

সদর উপজেলার ভেলাজান গ্রামের বাসিন্দা কবির বক্স বলেন, সকাল থেকে কুয়াশা এত ঘন যে সামনে কিছুই দেখা যায় না। কাজে বের হতে দেরি হয়ে যাচ্ছে, ঠান্ডাও খুব বেশি।

পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামের গৃহবধূ রুবিনা বেগম বলেন, শীত আগের চেয়ে বেশি লাগছে। বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়েও চিন্তায় আছি।
এদিকে, ঠান্ডা ও কুয়াশার কারণে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকেরা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া ভোরে বাইরে না বের হওয়ার পাশাপাশি গড়ম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন।