ভালুকায় নির্বাচনি আচরণবিধি মানতে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন-ইউএনও ফিরোজ হোসেন
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভালুকা উপজেলায় ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সর্বসাধারণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সূত্রে এসব তথ্য জানাযায়–ঘোষণা অনুযায়ী, নির্বাচনি প্রচারণার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। একই দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সকল ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে এবং বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটাররা চারটি পদ্ধতিতে নিজ নিজ ভোটার নম্বর ও ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানতে পারবেন বলেও জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ সদস্য ও দুইজন আনসার সদস্য ছাড়া ভোটকেন্দ্রে সর্বসাধারণের (পোলিং এজেন্টসহ) মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষার্থে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, জিপ, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া খোলা অবস্থায় দাহ্য পদার্থ বা পেট্রোলিয়ামজাত জ্বালানি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে এবং রাস্তার পাশে গাছের গুঁড়ি, কাঠ, নির্মাণ সামগ্রী বা অন্য কোনো বস্তু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন’র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।








































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































