# Tags

৭ মাস পর রাঙামাটিতে মিললো গাজীপুরের নিখোঁজ কিশোর তামীম

আলমগীর মানিক, রাঙামাটি:প্রায় ৭ মাস ২২ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে গাজীপুরের কিশোর তামীম আল হাসানকে উদ্ধার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। রোববার বিকেলে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে বিভিন্ন পর্যটন এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঝুলন্ত ব্রিজ এলাকায় জিডিতে থাকা ছবির সঙ্গে মিল পেয়ে তামীমকে শনাক্ত করা সম্ভব হয়। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া তামীম আল হাসানের বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর থানার দক্ষিণপাড়া, বারেন্ডা গ্রামে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় ২০২৫ সালের ৩১ জুলাই তার বাবা মো. মোজাম্মেল হক কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামীম জানায়, পারিবারিক কলহের জেরে অভিমান করে সে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যায়। সেখানে একটি ফুচকার দোকানে কাজ করে দীর্ঘদিন অবস্থান করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ১৫০০ টাকার প্যাকেজে রাঙামাটি ভ্রমণে আসে। গত শনিবার রাতে ঢাকার সায়দাবাদ থেকে বাসে রওনা দিয়ে রোববার সকালে রাঙামাটিতে পৌঁছে এবং ট্যুর গাইডের সঙ্গে ঘোরাঘুরির সময় পুলিশের নজরে আসে।
ওসি জসিম উদ্দিন আরও জানান, পুলিশ সুপারের নির্দেশনায় রোববার দুপুরে জিডিতে উল্লেখিত কিশোরের ছবি বিভিন্ন পর্যটন স্পটে সরবরাহ করে তল্লাশি জোরদার করা হয়। তিনি নিজেও ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের মাঝে সন্দেহভাজনদের পর্যবেক্ষণ করেন। এ সময় জিডির ছবির সঙ্গে মিল থাকায় তামীমকে শনাক্ত করে হেফাজতে নেওয়া হয়।
পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় নিশ্চিত করে এবং দীর্ঘদিন আগে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। এরপর গাজীপুরের কাশিমপুর থানার মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
পুলিশের তাৎক্ষণিক ও সমন্বিত এই তৎপরতায় দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ও মানবিক ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।