# Tags

পঞ্চগড় সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি-সীমান্তে ঘুরতে আসা ও ছবি তুলতে গিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ইন্দ্র (১৪) ও উদয় (১৪) নামে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বিএসএফ। বুধবার সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় ইন্দ্র ও উদয়। একপর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। বিএসএফের হাতে আটক ওই দুই কিশোর হল জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয়।
গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা সীমান্তের কালুপাঠা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিল। দুজনেই সীমান্তে ঘুরতে যায় এবং মোবাইলে ছবি তোলার সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটেলিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। #