ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
মো. আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. গোলজার হোসেন ও মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক আশরাফ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের ভালুকা উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম বিদ্যুত, জামায়াত নেতা রফিকুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান বাবু, এবং ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব শেখ মুসফিক আহম্মেদ অপূর্ব।
জুলাই যোদ্ধা মো. মামুন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক মাইলফলক। আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা জুলাইয়ের চেতনা ধারণ করে আইনের শাসন, মানবাধিকার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের বিনিময়ে দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ফিরোজ হোসেন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এর প্রকৃত তাৎপর্য তুলে ধরা আমাদের দায়িত্ব। শহিদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।”
আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































